
কলকাতা শহরের প্রবল কোলাহলের ফাঁকে বাড়ি ফিরে কিছুটা নিরিবিলি, স্তব্ধতা চাই। নিজের ফ্ল্যাট বা বাড়ি কিংবা কমপ্লেক্সের ভিতরের ফ্ল্যাট, সবজায়গাতেই শহরবাসীর প্রাথমিক পছন্দ এখন এটাই। অন্দরসজ্জাও এই স্তব্ধতার কথা মাথায় রেখেই করতে হয়। যাঁরা শহর থেকে কিছুটা দূরে, কিছুটা নিস্তব্ধ এলাকায় থাকেন তাঁদের সে ভাবে কোনও অসুবিধে নেই। সমস্যা শুধু শহরের কোলাহলময় অঞ্চলগুলোর জন্য।
আজকালকার ফ্ল্যাটগুলোর দেওয়াল বেশ পুরু হয়। অনেক ক্ষেত্রেই প্রায় দশ ইঞ্চির কাছাকাছি। পুরু দেওয়াল ভেদ করে তাপমাত্রা এবং শব্দ দুই-ই আসতে বাধা পায়। ছাদের ভাঁজে থার্মোকল রাখা কিংবা ফলস সিলিং করা যেতে পারে। তাপমাত্রায় সঙ্গে সঙ্গে শব্দও কম আসে কিছুটা। ফ্ল্যাটের বাইরের দেওয়ালে এক্সটিরিয়ার টাইলসের ব্যবহারও শব্দের অবাধ আসার ক্ষেত্রে কিছুটা বাধার সৃষ্টি করে।