
মোঃ খসরুনোমান সংগ্রাম, বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালন করা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের প্রত্যাহার করে সেখানে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে জেলা পুলিশের ৪০ সদস্যকে। সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে জেলা পুলিশের একটি দল বন্দরের কার্যক্রমের নিরাপত্তায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে ১৫ জন জেলা পুলিশ সদস্য আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালসহ বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন শুরু করেছেন। বাকি সদস্যরা দু’এক দিনের মধ্যেই কাজে যোগ দেবেন। আমদানি-রপ্তানি বাণিজ্য, কার্গো টার্মিনাল এবং পাসপোর্টধারী যাত্রীদের নিরাপত্তায় এই ৪০ সদস্য সার্বক্ষণিক মোতায়েন থাকবেন।
গত ৪ নভেম্বর বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি সাহাজাদা মোঃ আসাদুজ্জামানের স্বাক্ষরিত চিঠিতে আর্মড পুলিশের ৪০ সদস্যকে প্রত্যাহার এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলা পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুসারেই বেনাপোলে এ পরিবর্তন কার্যকর করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০১২ সালের ৭ জুলাই থেকে এপিবিএন বেনাপোল বন্দরের নিরাপত্তায় দায়িত্ব পালন করছিল। বর্তমানে বন্দরের ৯৩ একর এলাকায় ৩৪টি ওয়্যারহাউস, একটি কার্গো ভেহিকেল টার্মিনাল, ১৬৩ জন আনসার সদস্য এবং ১৪০ জন বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়ে একটি বড় নিরাপত্তা কাঠামো বজায় রাখা হচ্ছে—এখন নতুন করে যুক্ত হলো জেলা পুলিশের টিম।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকে জেলা পুলিশ বন্দরের নিরাপত্তা কাজে যুক্ত হয়েছে। আমরা পর্যায়ক্রমে দায়িত্ব বণ্টন করছি।”
বন্দর পরিচালক শামীম হোসেন রেজা জানান, “জাতীয় নির্বাচনকে সামনে রেখে এপিবিএনকে অন্যত্র প্রয়োজন হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই জেলা পুলিশের পূর্ণাঙ্গ টিম বন্দর নিরাপত্তার দায়িত্ব নেবেন।