
স্টাফ রিপোর্টার : কৃতজ্ঞতা ও ভালোবাসা আমার প্রাণপ্রিয় সহকর্মী সাংবাদিক ভাইদের প্রতি। আমার প্রাণপ্রিয় সহকর্মী ভাইয়েরা, আপনারা সবাই আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন।
প্রথমেই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, নির্ভীক কলমযোদ্ধা, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আহমেদ আবু জাফর ভাইসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমার সব সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি।
আমার মতো একজন ক্ষুদ্র সংবাদকর্মীর দুঃসময়ে আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, আমার মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং দেশজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় তুলেছেন, তা আমি কোনো দিন ভুলতে পারব না। আপনাদের এই ভালোবাসা, ত্যাগ ও সহযোগিতার ঋণ শোধ করার সাধ্য আমার নেই।
প্রিয় সহকর্মীবৃন্দ,
ইতিমধ্যে আপনারা জেনেছেন, একজন ভূমিদস্যুর বিরুদ্ধে সংবাদসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রায় ৪৫০টি পরিবারের জন্য সরকারি রাস্তার দাবি জানাতে গিয়ে আমাকে মিথ্যা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছিল। একজন সংবাদকর্মী হিসেবে সত্য ও সাধারণ মানুষের অধিকারের পক্ষে দাঁড়াতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হব, তা কখনো কল্পনা করিনি।
কিন্তু আমার সেই কঠিন সময়ে আপনারা আমাকে একা থাকতে দেননি। আমার কারাবন্দির খবর শুনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক সমাজ প্রতিবাদে সোচ্চার হয়েছেন। বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব আহমেদ আবু জাফর ভাইসহ সংগঠনের অনেক নেতৃবৃন্দ সুদূর রাজধানী থেকে বরগুনায় ছুটে এসেছেন। আমার মুক্তির জন্য আপনারা যে আন্তরিকতা, সাহস ও নিরলস প্রচেষ্টা দেখিয়েছেন, তা আমার জীবনের এক অমূল্য প্রাপ্তি হয়ে থাকবে।
আমি আসাদ সবুজ কথা দিচ্ছি, আপনাদের এই ত্যাগ, শ্রম ও ভালোবাসার যথাযথ মূল্যায়ন আমি আমার লেখনির মাধ্যমে করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। সাংবাদিক সমাজের ন্যায্য দাবি, অধিকার, সম্মান ও মর্যাদা রক্ষায় আমার কলম আগের মতোই সোচ্চার থাকবে। আপনাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে আমার সামর্থ্য অনুযায়ী সবার আগে পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আপনাদের একজন সহকর্মী ও ছোট ভাই হিসেবে এই অঙ্গীকার আমার হৃদয়ে চিরদিন অটুট থাকবে।
কারাবন্দি থাকার কারণে এবং নানা সীমাবদ্ধতায় আজকের এই কৃতজ্ঞতা প্রকাশে আপনাদের অনেক সম্মানিত নেতা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীর নাম আলাদাভাবে উল্লেখ করতে পারিনি। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার এই অনিচ্ছাকৃত ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের স্নেহের ছোট ভাই হিসেবে সবার কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।
আপনারা আমার দুঃসময়ে যে ভালোবাসা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আমার হৃদয়ে আজীবন অমলিন হয়ে থাকবে। আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারব না; তবে আমার কাজ, সততা ও লেখনির মাধ্যমে সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করার চেষ্টা করে যাব।
মহান আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন এবং সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করার তৌফিক দিন। আপনাদের পরিবার পরিজনকে ভালো রাখুন এবং সাংবাদিক সমাজের ঐক্য ও ভ্রাতৃত্ব অটুট রাখুন।
আপনাদের প্রতি রইল বুকভরা ভালোবাসা, অফুরন্ত শ্রদ্ধা ও আজীবন কৃতজ্ঞতা।
কৃতজ্ঞতায় ও ভালোবাসায়,
আপনাদের স্নেহের ছোট ভাই
আসাদ সবুজ
বরগুনা জেলা প্রতিনিধি
দৈনিক কালবেলা।