
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ট্রাক্টর চাপায় মোঃ আকতার হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকাল ১১.৩০ মিনিটের সময় কমলনগর উপজেলার পাটওয়ারি হাট থেকে ছেড়ে আসা বালু ভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বাই সাইকেলে আরোহনকৃত মোঃ আকতার হোসেন (৭) শিশুটিকে চাপা দেয়।
মোঃ আকতার হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলাধীন ৬নং পাটওয়ারীর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোঃ জাকের মাঝির ছেলে।
জানা যায়, ঘাতক ট্রাক্টরটি শিশুটির বাই সাইকেলকে চাপা দিলে সাথে সাথে শিশুটির মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন অঙ্গ ভেঙে যায়।
পরে স্থানীয়রা ছেলেটিকে উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্যে শিশুটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। লক্ষ্মীপুরে নেওয়ার পথেই ছেলেটি মারা যান বলে নিশ্চিত করেছেন পরিবার।
এদিকে ট্রাক্টর চাপায় পড়ে শিশু মোঃ আকতারের মৃত্যুর পর থেকে তার পরিবারে বইছে শোকের মাতম।
স্থানীয়রা জানায়, এই সড়কে কয়েকদিন পরপর সড়ক দূর্ঘটনায় কয়েকজন মানুষের তাজা প্রাণ দিতে হয়েছে। তাই এ ব্যাপারের সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
তারা আরো বলেন, আমাদের একটাই দাবি এই ট্রাক্টরের কোন বৈধতা নেই। এই ট্রাক্টরগুলো খুবই বিপজ্জনক। যেখানে সেখানে মানুষের তাজা প্রাণ চিনিয়ে নেয়। যেই গাড়ির কোন বৈধতা নেই, সেই গাড়ি যেন অচিরেই বন্ধ করে দেওয়া হয়।
কমলনগর থানা অফিসার ইনচার্জ মোঃ তহিদুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি এবং ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। ছেলেটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। কিছুক্ষণ পরে আমাদের কাছে খবর আসে শিশুটি মারা গেছে। এ বিষয়ে আমরা এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। তবে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ড্রাইভার পলাতক আছে তাকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।