
কমলনগর-রামগতি (লক্ষীপুর) প্রতিনিধি : লক্ষীপুরের রামগতিতে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ব্রিকফিল্ডের ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান চালানো হয়েছে।
এসময় রামগতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ও জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এবং মীর মেজবাহীজ্জুলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের আল-আমিন ট্রেড কর্পোরেশন, চররমিজ ইউনিয়নের মেসার্স শাওন সোহাগ ব্রিক্স ও মেসার্স জননী ব্রিক্স নামক ইট ভাটার প্রত্যেকের দুই লাখ করে ছয় লাখ করে এবং চর পোড়াগাছা ইউনিয়নের মেসার্স আনোয়ারা ব্রিক্স নামক ইটভাটা মালিকের তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় এসএসবি নামক একটি ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।
রামগতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন বলেন, উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মে চারটি ভাটার মালিককে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি বিধি বিধান মেনে ভাটা পরিচালনা করার দিক নির্দেশনা প্রদান করা হয়।