
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পিতার মিথ্যা মামলায় ছেলে জেল হাজতে যাওয়ার ঘটনা ঘটেছে। সদরের দক্ষিন হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নবীউল্লাহ তার ছেলে সিরাজকে দীর্ঘদিন ধরে মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলা দিয়ে হয়রানি করে আসছেন। নবী উল্লাহ এ কাজগুলো তার ভাই কালামিয়া প্রকাশ কালুর প্ররোচনায় করছেন বলে এলাকাবাসী জানান।
সম্প্রতি মারধরের অভিযোগ এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দিয়ে সিরাজকে জেল হাজতে প্রেরণ করেন নবীউল্লা। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভে পেটে পড়েন ও নবীউল্লাহকে ধিক্কার জানায়। শুধু তাই নয় সিরাজকে বাড়ি থেকে বের করে দিয়ে তার ঘরের যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায় তার আপন বোন জোসনা বেগম। উপায়ান্তর না পেয়ে সিরাজ বেড়ির উপর গিয়ে আশ্রয় নিলে সেখানেও হামলা করে নবীউল্লাহ ও তার মেয়ে জোসনা বেগম।
স্থানীয় বজল হক পাটোয়ারির ছেলে সাঈদ, তোফায়েলের ছেলে মোস্তফা, পোস্টমাস্টার আবু তাহের, জামাল হোসেনের স্ত্রী আলেয়া বেগম, মোস্তফার স্ত্রী রেখা বেগম, নজির আহমেদের স্ত্রী আসমা বেগম, আব্দুল মোনাফ, দুলাল ও ইউনিয়ন আ.লীগ নেতা রিপন পাটোয়ারী সাংবাদিকদের জানান,নবী উল্লাহ ছোটবেলা হতে রগছটা স্বভাবের মানুষ। সে দীর্ঘদিন ধরে ছেলে সিরাজকে অহেতুক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে তার আপন ভাই কালুর প্ররোচনায়। কালু তার ভাই নবীউল্লাহকে ফুসলিয়ে বাপ ছেলের মাঝে মামলা লাগিয়ে দিয়ে সে মামলার খরচ বাবদ কিছু টাকা পয়সা দেয় আর জমি লিখে নেয়। বাপ ছেলের মাঝে কোনদিন তর্ক-বিতর্ক হতেও শুনিনি বলে জানালেন একই বাড়ির মহিলারা।’
এ বিষয়ে নবী উল্লাহ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। তবে জোসনা বেগম বলেন- সিরাজ আমার বাবাকে মেরেছে। এজন্যই মামলা দিয়েছি।
এলাকাবাসীর দাবি অচিরেই মিথ্যা মামলা থেকে নিরীহ সিরাজকে অব্যাহতি ও জেল থেকে মুক্তি দেওয়া হোক।