
বিয়ে মানেই একটা সাজ সাজ রব। শুধু বর–কনেই নয়, আত্মীয়স্বজনসহ অভ্যাগতরা তো বটেই, পুরো বাড়িই সেজে ওঠে বৈচিত্র্যময় সাজে। না হলে বিয়েবাড়ি ঠিক জমে না। এ সাজের রয়েছে রকমফের, প্রজন্ম থেকে প্রজন্মে তার ঘটেছে বিবিধ রূপান্তর।
এই একুশ শতকে নগর কিংবা গ্রাম সবখানেই লেগেছে পরিবর্তনের হাওয়া। কিন্তু পারিবারিক ছবির অ্যালবামগুলো ঘাঁটলে পরিবারের বিভিন্ন সদস্যের বিয়ের যে ধূসর ছবিগুলো স্মৃতি জাগিয়ে তোলে, সেগুলো বলে ভিন্ন কথা। একটু বিশদে বলা যাক।
বিয়ের দুই প্রধান চরিত্র বর ও কনে। এ দুজন সবকিছুর মধ্যমণি, সাজসজ্জারও। এখন গায়েহলুদ থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত বর–কনের সাজসজ্জা মানেই পারলার। নিদেনপক্ষে প্রশিক্ষিত সজ্জানিপুনা কোনো বিউটিশিয়ানকে ডেকে আনা। কিন্তু বছর ১৫ আগেও, এমনকি গ্রামের দিকে এখনো কোনো কোনো এলাকায় বর–কনের সাজসজ্জায় প্রধান ভূমিকা পালন করেন বাড়ির বা পাশের বাড়ির ‘সর্বকর্মপটীয়সী’ কোনো আপা কিংবা ভাবি। এই করোনাকালের বিয়েতে তাঁদের কদর যেন আবার বাড়তে শুরু করেছে।