
আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে শরিফুল ইসলাম (৪২) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ মে) দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ‘আমাদের হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে দুই বছরের কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শামছুজ্জামান আসিফ সাংবাদিকদের বলেন, শরিফুল ইসলাম নিজেকে একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। মূলত তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। অভিযানে তার ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে।
জানা যায়, বেশ কিছুদিন থেকে আমাদের হাসপাতালে জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ও ব্রেইন স্পাইন নার্ভ বিশেষজ্ঞ হিসেবে সাইনবোর্ড টাঙ্গিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন তিনি। ওই ভুয়া চিকিৎসক তার নেমপ্লেটে ভারতের রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রী অর্জন করেছেন বলে উল্লেখ করেন। সেখানে নাম কিছুটা পাল্টিয়ে ডা: শারিফুল ইসলাম উল্লেখ করে প্রতারণা করে আসছিলেন।
এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামছুজ্জামান আসিফের নেতৃত্বে ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়ন-১, পুলিশ, স্বাস্থ্য বিভাগের একটি টিম নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় দীর্ঘক্ষণ আদালতকে ভুয়া নাম ঠিকানা বলতে থাকে সে। পরবর্তিতে শরিফুল ইসলাম জানায় ভারতের পশ্চিমবঙ্গে ২৪ পরগনা জেলার বেলঘরিয়া থানার নন্দনপুর আমতলা গ্রামের আমির শেষের ছেলে সে। তবে তাৎক্ষনিক তার দেওয়া ভারতের ঠিকানা যাচাই করা সম্ভব না হলেও তার কথা-বার্তায় ধারনা করা হচ্ছে শরিফুল ইসলাম বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ সদর এলাকার বাসিন্দা।