নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশার কিছু নেই, যে কবে নির্বাচন হবে? নির্বাচন দেবে কি, দেবে না? অবশ্যই নির্বাচন হবে। ডিসেম্বর অথবা জুন দুটি টাইমলাইন আছে, এই টাইমলাইনের ভেতরেই হয়ে যাবে। এ কথার বাইরে সরকার হয়তো যাবে না। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে।তবে নির্বাচন সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে তার ওপরও নির্ভর করে। বুধবার দুপুরে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামীয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পরামর্শ এবং দেশি-বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টোকহোল্ডার রয়েছে তাদের পরামর্শ ছাড়া সরকার একা আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, এ অবস্থায় আমরা মনে করছি সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।
এরআগে, মাহফুজ আলম বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করেন। পরে তার দাদা-দাদির কবর জিয়ারত করেন।
এ সময় মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহবায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)