
অনলাইন ডেস্ক ; নওগাঁর মান্দায় হানিফ চেয়ারম্যানের ক্যাডার বাহিনীর অতর্কিত হামলায় এক মুক্তিযোদ্ধা'র ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
১৮ নভেম্বর ভোর ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় (৩৮) বছর। নিহত রানা উত্তর শ্রীরামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে বিধবা মা এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, গত ১৩ নভেম্বর (শুক্রবার) প্রতীক বরাদ্দের প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মান্দা উপজেলার সতিহাটে এক ভয়ানক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ৫ নং গনেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হানিফ উদ্দিন মন্ডলের ক্যাডার বাহিনীর অতর্কিত হামলায় আনারস প্রতীকের চেয়ারম্যান সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ইউ'পি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুলের কর্মী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে রানা এবং এক গ্রামপুলিশসহ ৮ জন আহত হন।
ওই ঘটনার জেরে দফায়-দফায় ধাওয়া পাল্টা ধাওয়াসহ ন্যায় বিচারের দাবিতে সড়ক অবরোধ করে রাখে উভয় পক্ষের লোকজন। পরে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ওইদিন বিকেল সাড়ে ৫ টার দিকে আনারস প্রতীকের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান বাবুল চৌধুরীর সমর্থক আলহাজ্ব কছির উদ্দিন চৌধুরী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার মৌলভী মাওঃ সাইফুল ইসলাম শান্ত সতিহাট আলেপের কাপড়ের দোকানে অবস্থান করছিলেন। এসময় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হানিফ উদ্দিন মন্ডলের মিছিল বেরিয়ে সতিহাট বাজারের মধ্যে আসে। ওইসময় মাওঃ সাইফুল ইসলামের উপর অতর্কিত হামলা চালানো হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই ঘটনায় আহতরা হলেন, আনারস প্রতীকের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ইউ'পি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুলের কর্মী শ্রীরামপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মাওঃ সাইফুল ইসলাম শান্ত (৪০), প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে রানা (৩৮), ইসাহাক আলী চৌধুরীর ছেলে সাহাদত হোসেন বাবু (৩৫) এবং আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হানিফ উদ্দিন মন্ডলের সমর্থক গনেশপুর গ্রামের মোকলেছুর রহমান মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩৮),আব্দুল হামিদের ছেলে আলম(২৮), শ্রীরামপুর গ্রামের সাদেকের ছেলে হেলাল (৪০), আব্দুল কুদ্দুসের ছেলে মোস্তাকিম (২৫)এবং সৈয়দপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে গ্রামপুলিশ আমিনুল ইসলাম (৩৩) ।
আহতদের উদ্ধার করে ওইদিনই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ সদর হাসপাতাল এবং গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে রানার অবস্থা ছিলো আশঙ্কাজনক। গতকাল অপারেশনের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে সে। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম চলছে। অপরদিকে, ওই ঘটনাকে আড়াল করতে হানিফ চেয়ারম্যানের দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা,বানোয়াট এবং ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)