তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে এক যুবক।
জানা যায়, উপজেলার ধলীরকান্দা গ্রামের কৃষক শাহজাহানের পুত্র মিজানুর রহমান (২০) গত ৩ অক্টোবর রোজ শনিবার (দিবাগত রাত) আনুমানিক রাত ১.৩০ মিনিটের সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
উপস্থিত দর্শনার্থীরা জানান, তারাকান্দা ইউনিয়নের চর গোপিনাথপুর গ্রামের মালীর বাজার এলাকার মোঃ হাতিমের মেয়ে তাহমিনা আক্তারের সাথে দীর্ঘ সাত বছর যাবৎ মিজানের প্রেমের সম্পর্ক ছিল।
একই এলাকার আব্দুস সালাম এর পুত্র আব্দুল গনি'র (৩৪)সাথে ছেলেটির বোনের বিয়ে হয়। বোনের বাড়িতে থাকা ও আসা যাওয়ার সূত্র ধরেই এই প্রেমের সূচনা হয়েছিল। এ বিষয় নিয়ে মেয়ে ও ছেলের পরিবারের মাঝে বেশ কয়েকটি দরবার হয়েছে।
গত পরশুও মালীর বাজার সংলগ্ন মেয়ের বাড়িতে সালিশ দরবার হয়েছে সে কথাও শোনা গেছে কারো কারো মুখে। মেয়েকে ছেলের সাথে বিয়ে দিতে নিষেধ করায় এবং কোন প্রকার যোগাযোগ না রাখতে বলায় হয়তো অভিমানে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী অনেকেই ধারণা করছেন।
এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরের সাথে কথা বললে তিনি যুবকের আত্মহত্যার কথা ও লাশ উদ্ধার করে থানায় রাখার কথা স্বীকার করেছেন। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)